ঢাকা
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন।

এম এ মান্নানের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুপক্ষের আইনজীবীদের মধ্যে। আধা ঘণ্টার শুনানিতে দুপক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করে আদেশ দেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান বাদীর আইনজীবী।

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত তাকে কারাগারে পাঠান।

সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram